আজ ২২ নভেম্বর শনিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুনের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেন এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দীন পাটোয়ারী, পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপির পটুয়াখালী সদর কমিটির প্রধান সমন্নয়কারী সুলতানা মাহমুদ ও কলাপাড়া উপজেলা এনসিপির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সক্রিয় সদস্য লায়ন ইঞ্জিনিয়ার সাইফল্লাহ মামুন কলাপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের এক সম্মানিত শিক্ষক পরিবারের যোগ্য সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। বর্তমানে তিনি ঢাকাস্থ কলাপাড়া সমিতির দপ্তর সম্পাদক এবং লেক্সাস ক্লাব অব ঢাকা, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ক্লাব প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন সংগ্রহের পর তিনি বলেন,“কলাপাড়া–রাংগাবালীর অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ রাজনীতি এবং উন্নয়নমুখী নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যেই আমি এই প্রয়াস নিয়েছি। জনগণ যদি সুযোগ দেয়, আমি একটি দায়িত্বশীল, সৎ ও জবাবদিহিমূলক জনসেবা নিশ্চিত করতে চাই।”
এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ তাঁর মনোনয়ন সংগ্রহকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন প্রজন্মের সৎ, শিক্ষিত ও দায়িত্বশীল নেতৃত্ব এলাকার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।