রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে আগামী জাতীয় নির্বাচনে বিরোধী রাজনীতিতে জটিলতা তৈরি হয়েছে বিএনপি ও এনসিপির সম্ভাব্য জোটকে কেন্দ্র করে। দুই দলের সমন্বয় নিয়ে ধোঁয়াশা কাটছে না। জোট হবে কি না—এ নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দেওয়ায় মাঠে সুবিধাজনক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইলসামি
এই আসনে বিএনপির এমপি প্রার্থী এমদাদুল হক ভরসা, আর এনসিপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকতার হোসেন। তবে এখন পর্যন্ত দুই দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। এর ফলে কর্মী-সমর্থকদের মধ্যে বিভক্তি ও সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
এমন অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী এটিএম আজম খান ধারাবাহিক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতার কারণে ভোটারদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছেন। স্থানীয় পর্যায়ে পরিচালিত সাম্প্রতিক জরিপেও দেখা গেছে, তিন দলের প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত আপাতত এগিয়ে রয়েছে। বিশেষ করে পীরগাছার বিভিন্ন ইউনিয়নে তাঁর সমর্থন ক্রমেই শক্ত হচ্ছে বলে স্থানীয়রা জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি–এনসিপির সম্ভাব্য জোট যতদিন চূড়ান্ত না হবে, ততদিন এই অনিশ্চয়তা জামায়াতের পক্ষে যাবে। দ্বিধাবিভক্ত বিরোধী ভোট জামায়াতকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে।
অন্যদিকে দুই দলই দাবি করছে, শেষ মুহূর্তে জোট হলে বিরোধী ভোট আবার এক প্ল্যাটফর্মে ফিরে আসবে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতার কারণে রংপুর-৪ আসনে বিরোধী রাজনীতি জটিল ও উদ্বেগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।